১৭–১৮ বছরের স্মৃতি, পরিশ্রম আর বিনিয়োগের দায় কে নেবে?
ফেসবুক একটি বেসরকারি কোম্পানি। তাদের প্ল্যাটফর্মে কী নিয়ম থাকবে, কীভাবে ব্যবসা পরিচালনা করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে। কিন্তু প্রশ্ন হলো, সেই সিদ্ধান্তের কারণে একজন মানুষের দীর্ঘদিনের স্মৃতি, সম্পর্ক, পরিশ্রম ও ব্যবসায়িক বিনিয়োগ হারিয়ে গেলে তার দায় কে নেবে?
ব্যবসায়িক প্রয়োজনে আমি তিনটি প্রধান ফেসবুক আইডি এবং কয়েকটি সহযোগী আইডি ব্যবহার করতাম। একটি বাদে বাকি সব আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে। অথচ প্রকৃত NID ও Passport দিয়ে পরিচয় যাচাই করা ছিল। আইডিগুলোর বয়স প্রায় ১৩–১৮ বছর।
এই আইডিগুলোর অধীনে ৬০টির বেশি ফেসবুক পেজ ছিল। এখন মাত্র ১৮টি অবশিষ্ট আছে। বাকি পেজগুলোর আর কোনো হদিস নেই। এসব পেজে বছরের পর বছর মিলিয়ন টাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরও কার্যকরভাবে যোগাযোগ করার মতো ন্যূনতম একটি ইমেইল সাপোর্টও পাওয়া যাচ্ছে না। সবকিছু এখন AI-নির্ভর।
ব্যবসায়িক ক্ষতির জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু সবচেয়ে পুরোনো দুটি ব্যক্তিগত আইডি হারিয়ে যাওয়ার বিষয়টি আলাদা।
সেখানে আমার কিন্ডারগার্টেনের বন্ধু, স্কুল-কলেজের সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুরোনো পরিচিত মানুষ—কত শত সম্পর্ক, কত স্মৃতি জমে ছিল! ১৭–১৮ বছরের সেই ডিজিটাল জীবন একদিনে অদৃশ্য হয়ে গেল।
একটি অ্যাকাউন্ট বন্ধ করা যায়, কিন্তু সেই অ্যাকাউন্টের সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবনের ১৮ বছর কি ফিরিয়ে দেওয়া যায়?
—
আমরা অবশ্য আগে থেকেই আমাদের সদস্যদের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম Postbook-এ নিয়ে আসার কাজ শুরু করেছি। আমাদের ক্লাস পরিচালিত হচ্ছে LiDia Edu-তে। আর নিজস্ব যোগাযোগব্যবস্থা LiDia Messenger-এর উন্নয়নও চলছে।
তারপরও ফেসবুকে বিজ্ঞাপন দিতে হবে। কারণ তাদের প্রায় ৩ বিলিয়ন ব্যবহারকারীর বিশাল বাজার রয়েছে। ব্যবসার বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।
কিন্তু এটাও সত্য, আমাদের কনটেন্ট, সময় ও অংশগ্রহণ দিয়েই এসব প্ল্যাটফর্মের ব্যবসা এগিয়ে যায়। অথচ ১৭–১৮ বছরের কনটেন্ট ও সম্পর্ক হারিয়ে গেলে তার দায়িত্ব নেওয়ার কার্যকর ব্যবস্থা কোথায়?
—
আমাদের CWCE (Content Writing & Creation Engineering) কোর্সের একজন শিক্ষার্থী একবার বলেছিলেন, আমরা নাকি শিক্ষার্থীদের ওপর একটু বেশি নিয়ন্ত্রণ রাখি!
সেদিনের প্রশ্নের উত্তর আজ আরও পরিষ্কার।
আমরা চাই না আপনাদের বছরের পর বছর পরিশ্রম একদিনে হারিয়ে যাক। সে কারণেই নিজেদের প্ল্যাটফর্ম, কনটেন্ট সংরক্ষণ এবং সদস্যভিত্তিক ব্যবস্থা গড়ে তুলছি।
Postbook-এ প্রকাশিত কনটেন্ট যেন দীর্ঘমেয়াদে আপনার পরিচয় ও নামে সংরক্ষিত থাকে, সেটাই আমাদের লক্ষ্য। পাশাপাশি ফেসবুকসহ অন্য প্ল্যাটফর্মেও আপনারা স্বাধীনভাবে কনটেন্ট প্রকাশ করতে পারবেন।
শুধু অন্যের প্ল্যাটফর্মে নিজের ভবিষ্যৎ তৈরি করবেন না। নিজেরও কিছু থাকা প্রয়োজন।
সময় থাকতে বিষয়টি বোঝার চেষ্টা করুন।
এখন থেকে আমার বন্ধু, আত্মীয়স্বজন ও পরিচিত সবাই আমাদের Postbook ব্যবহার করতে পারবেন। আমি চাই না অন্য কেউ এমন পরিস্থিতিতে পড়ুক। অন্তত আমাদের সদস্যদের জন্য আমরা বিকল্প একটি ব্যবস্থা গড়ে তুলছি।
আগে মাঝেমধ্যে ব্যক্তিগত ফেসবুক আইডিতে যেতাম। এখন সেই সুযোগও প্রায় শেষ। যে একটি আইডি বাকি আছে, সেটাও ফেসবুক কবে খেয়ে ফেলে, কে জানে! 😄
—
তবে এই ঘটনার মধ্যে সবচেয়ে বড় উপলব্ধিটা প্রযুক্তি বা ব্যবসা নিয়ে নয়। জীবন নিয়ে।
সম্প্রতি আমার এক আত্মীয়কে মৃত্যুশয্যায় দেখছি। মানুষটির অবস্থা দেখে জীবনের অনেক হিসাব নতুন করে ভাবতে হচ্ছে।
আমরা কত কিছু নিয়ে ব্যস্ত থাকি! ব্যবসা, প্রতিষ্ঠান, প্রযুক্তি, পরিচিতি, অনুসারী, সাফল্য—কত কিছু অর্জনের চেষ্টা করি। অথচ একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে।
সেদিন ফেসবুকের হাজার হাজার বন্ধু, লাখ লাখ ভিউ কিংবা ডিজিটাল পরিচিতি কতটা পাশে থাকবে?
মানুষের পাশে শেষ পর্যন্ত মানুষই থাকে।
তাই ভাবছি, ভার্চুয়াল দুনিয়ার পাশাপাশি বাস্তব জীবনের সম্পর্কগুলোকে আরও বেশি সময় দেব। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করব, পরিচিত মানুষদের নিয়ে বসব, গল্প করব। কোনো অ্যালগরিদম ছাড়াই।
হয়তো সামনে সবার জন্য ছোট্ট একটি ক্যাফেও তৈরি করব।
নামটা ভাবছি—The Law Café। ☕
যেখানে শুধু আইন নয়, জীবন, শিক্ষা, গবেষণা, ব্যবসা, বন্ধুত্ব—সবকিছু নিয়েই গল্প হবে। মানুষ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবে।
কারণ দিনশেষে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার জন্য, জীবনকে প্রতিস্থাপন করার জন্য নয়।
ডিজিটাল দুনিয়ায় নিজের জায়গা তৈরি করুন। কিন্তু বাস্তব দুনিয়ার মানুষগুলোকে হারিয়ে ফেলবেন না।
— DH Sakib

No approved comments yet. Start the discussion.